ফেনীতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার বিরিঞ্চি গ্রামে যৌতুক না পেয়ে গত শনিবার বিকেলে ছকিনা আক্তার বিউটি (২৩) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী রবিউল হক পলাতক।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কলেজে পড়ার সময় ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে ছকিনা আক্তার বিউটির সঙ্গে ফেনী পৌরসভার উত্তর বিরিঞ্চি গ্রামের রবিউল হকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়।
ছকিনার বাবা গিয়াস উদ্দিন বলেন, বিয়ের পর পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে রবিউল হক স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তাঁরা এক লাখ টাকা যৌতুক দেন। কিন্তু এতে রবিউলের মন ভরেনি। তিনি আরও টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় রবিউল স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে রবিউল বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঘরের মধ্যে ছকিনার লাশ পড়ে থাকতে দেখা যায়। শনিবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ছকিনার গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনাস্থল থেকে একটি দড়ি উদ্ধার করা হয়। ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, গতকাল রোববার ময়নাতদন্ত শেষে ওই গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় গৃহবধূর বাবা গিয়াস উদ্দিন থানায় মামলা করেছেন।