ফেনীতে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা গ্রাম থেকে গতকাল শুক্রবার নার্গিস আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাটা মোবারক ঘোনা গ্রামের মো. ইউসুফের সঙ্গে প্রায় চার মাস আগে একই উপজেলার লেমুয়া ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের নার্গিস আক্তারের বিয়ে হয়। ইউসুফ জাহাজে কাজ করেন।
এ ঘটনায় গৃহবধূ নার্গিসের বাবা মো. শাহজাহান ফেনী সদর মডেল থানায় লিখিত আবেদন করেছেন। আবেদনে বলা হয়, তাঁর মেয়ের স্বামী জাহাজে থাকার সুযোগে শ্বশুর, শাশুড়ি, জা, ভাশুর ও ননদের স্বামী যৌতুকের জন্য তাঁর মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। তাঁর মেয়ে গত বৃহস্পতিবার রাতে মারা যায়। কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন গতকাল সকালে তাঁকে ফোন করে জানায় সে আত্মহত্যা করেছে।
মো. শাহজাহান বলেন, তাঁর মেয়ে যদি আত্মহত্যাও করে থাকে, তা হলে নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য তিনি থানায় আবেদন করেছেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা বলেন, ওই গৃহবধূর মাথায় আঘাতের চিহ্ন ও আত্মহত্যার আলামত দেখা গেছে।
বোগদাদিয়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আজিজ বলেন, গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।