ফেনীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠানগড় গতিয়ার গ্রামের শ্বশুরবাড়ি থেকে গত শনিবার জোহরা আক্তার পলি (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। জোহরার স্বজনদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ জোহরার স্বামী মো. রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করেছে।
পারিবারিক সূত্র জানায়, মুঠোফোনের সূত্র ধরে রিয়াদের সঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর চররামপুর গ্রামের জোহরার সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা পালিয়ে বিয়ে করেন। প্রথম দিকে জোহরার স্বজনেরা বিয়ে মেনে না নিলেও পরে মেনে নেন। গাড়ির যন্ত্রাংশের দোকানের কর্মচারী রিয়াদ ঢাকায় থাকতেন। গত শুক্রবার রাতে পলি মুঠোফোনে তাঁর মা ও ভাইকে জানান, শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন চালাচ্ছেন। গত শনিবার সকালে শ্বশুরবাড়ির লোকজন মুঠোফোনে জোহরার পরিবারকে জানান, জোহরা ঘুমের মধ্যে মারা গেছেন। খবর পেয়ে জোহরার বাবার বাড়ির লোকজন তাঁর শ্বশুরবাড়িতে আসেন। তাঁরা জোহরার গলায় আঘাতের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলে শ্বশুরবাড়ির লোকজন জানান, তিনি (জোহরা) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। একপর্যায়ে জোহরার মৃত্যুর কারণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। শনিবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার দিন রিয়াদ ঢাকায় ছিলেন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে বাড়ি আসার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গতকাল রোববার জোহরার ভাই নিজাম ছাগলনাইয়া থানায় হত্যা মামলা করেছেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী গৃহবধূর লাশ উদ্ধার ও তাঁর স্বামীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।