ফেনীতে গোপনে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছ গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রের ভাষ্যমতে, প্রতিটি গাছের আনুমানিক মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা। কিন্তু চারটি শতবর্ষী কড়ইগাছ ৭০ হাজার টাকায় স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে নিলাম ছাড়াই বিক্রি করে দেওয়া হয়েছে। ওই ব্যবসায়ী গত মঙ্গল ও বুধবার গাছগুলো কেটে টুকরা করে মাঠে রেখেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী ধর বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় গাছগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু নিলাম ছাড়া কারা গাছ কেটে নিচ্ছেন, তা তিনি জানেন না। গাছ কাটার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউছুফ বলেন, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে তিনি কিছু জানেন না।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। এ ছাড়া চেষ্টা করেও কমিটির অন্য কোনো সদস্যের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে গাছ কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামূল করীম গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও বলেন, এ বিষয়ে মামলা করা হবে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গাছের টুকরাগুলো দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কেউ সেগুলো সরিয়ে নিতে না পারেন।