ফেনীতে চার কেজি সোনাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় বাসে তল্লাশি চালিয়ে চার কেজি ওজনের ৩২টি সোনার বারসহ মোহাম্মদ মোরশেদ (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় মোরশেদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ছাগলনাইয়া থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মুহুরীগঞ্জ এলাকায় পুলিশ তল্লাশিচৌকি বসায়। দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসকে তল্লাশিচৌকির সামনে দাঁড় করানো হয়। বাসে তল্লাশি চালানোর সময় এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর প্যান্টের ভেতরে স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলো খোলার পর ২০টি সোনার বার পাওয়া যায়।
পুলিশ জানায়, ওই ব্যক্তিকে ছাগলনাইয়া থানায় নেওয়ার পর তার প্যান্টে বিশেষ কায়দায় রাখা আরও ১২টি সোনার বার উদ্ধার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা সোনার ওজন প্রায় চার কেজি।