ফেনীতে চার কেজি সোনাসহ যুবক গ্রেপ্তার
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সোনার ৩২টি বারসহ মোহাম্মদ মোরশেদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক করা ওই সোনার ওজন চার কেজি।
ছাগলনাইয়া থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মুহুরীগঞ্জ এলাকায় পুলিশ একটি চেকপোস্ট বসায়। দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় এক যুবক কৌশলে বাস থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। পরে তাঁর পরনের প্যান্টের ভেতর থেকে স্কচ টেপ মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে সোনার ২০টি বার পাওয়া যায়।
সেখান থেকে ওই যুবককে ছাগলনাইয়া থানায় নেয়ার পর তাঁর পরনের প্যান্টে বিশেষ কায়দায় রাখা আরও ১২টি বার উদ্ধার করা হয়।
আটক মোহাম্মদ মোরশেদ নিজের পরিচয় দিয়ে বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি চট্টগ্রাম সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র।
মোহাম্মদ মোরশেদ পুলিশের প্রাথমিক জিজ্ঞসাবাদে জানান, তাঁর পরিচিত একজন বড় ভাই তাঁকে এগুলো ঢাকায় পৌঁছে দিতে বলেছেন। বিনিময়ে তাঁকে সাত হাজার টাকা দেওয়া হবে বলে তিনি তাঁকে জানিয়েছেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, আটক করা সোনার আনুমানিক মূল্য এক কোটি ৩০ লাখ টাকা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ছাগলনাইয়া থানায় একটি মামলা করা হয়েছে।