ফেনীতে চার নারী ছিনতাইকারী গ্রেপ্তার
ফেনীতে চার নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ফেনী সদর হাসপাতালের সামনের সড়কে ছিনতাইকালে স্থানীয় লোকজন তাঁদের ধরে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা ১১টায় ফেনী সদর হাসপাতালের সামনের সড়ক পার হচ্ছিলেন মাসুদা আক্তার (৫০) নামের এক নারী। এ সময় চারজন নারী মাসুদাকে সড়ক পার হতে সহযোগিতার করার জন্য এগিয়ে যান। একপর্যায়ে তাঁর গলার সোনার চেইনটি ছিনিয়ে নেন তাঁরা। এ সময় মাসুদার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে চার নারী ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন। ছিনতাই করা চেইনটিও উদ্ধার করেন লোকজন। পরে চার নারী ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, চার নারী ছিনতাইকারী হলেন আবিদা বেগম (৩৫), নাজমা আক্তার (২৫), ফুলবানু (৩৫) ও আতেমা খাতুন (৪০)।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। চার নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।