ফেনীতে চিকিৎসা নিতে এসে দগ্ধ মোহছেনা
চিকিৎসার জন্য গত মঙ্গলবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া নতুন বাজার এলাকার মোহছেনা খাতুন ফেনী যান। কিন্তু চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে তাঁর বাড়ি যাওয়া হয়নি। পেট্রলবোমায় দগ্ধ হয়ে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গত মঙ্গলবার রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞার আমিরগাঁও এলাকায় দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন মোহছেনা খাতুন।
ফেনী সদর হাসপাতালে মোহছেনা খাতুনের বড় বোন ছেমনা খাতুন জানান, মোহছেনা কিছুদিন থেকে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কোম্পানীগঞ্জ উপজেলা সদরের একজন চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার ছোট ছেলে আবুল কাসেমকে নিয়ে মঙ্গলবার বিকেলে ফেনী যান বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে। রাত সাড়ে আটটায় বাড়ি যাওয়ার জন্য মহিপাল থেকে বসুরহাটগামী একটি বাসে ওঠেন। পথে দাগনভূঞার আমিরগাঁও এলাকায় বাসটি পৌঁছা মাত্র দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে। এতে তিনিসহ ছয়জন দগ্ধ হন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, পেট্রলবোমায় মোহছেনা খাতুনের বাঁ হাতে ও বাঁ কাঁধের কিছু অংশ দগ্ধ হয়েছে।
মোহছেনার স্বামী কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তিন ছেলে ও তিন মেয়ে তাঁদের। সবার বিয়ে হয়েছে। ছোট ছেলে আবুল কাসেমসহ দুই ছেলে প্রবাসে থাকেন। সম্প্রতি আবুল কাসেম বাড়ি এসেছেন।
আবুল কাসেম বলেন, ‘মাকে সুস্থ করতে ডাক্তারের কাছে নিয়ে এলাম। এখন তিনি হাসপাতালের বিছানায় অচেতন। যে রাজনীতি বাসে বোমা মারে, সে রাজনীতি আমরা চাই না।’