ফেনীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সাইফুল ইসলাম ওরফে পিটু (২৭) নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি ফেনী পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল বুধবার সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র, পুলিশ ও প্রত্যক্ষদর্শীর তথ্যমতে, সকাল নয়টার দিকে সাইফুল ইসলাম বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার এ হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেন।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।