ফেনীতে ছাত্রলীগ নেতাসহ তিনজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আজ রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে ছাত্রলীগের এক নেতাসহ তিনজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক রিয়াজ সিকদার (২৭), সৌদিপ্রবাসী সফিকুর রহমান (৩২) ও স্থানীয় বাসিন্দা মনজুর আহম্মদ (২৬)।
তাঁদের তিনজনের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া গ্রামে। তাঁদের প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সন্ধ্যা ছয়টার দিকে ছাত্রলীগের নেতা রিয়াজ সিকদারসহ তিনজন একটি মোটরসাইকেলে করে শহরের চাড়িপুর বিসিক শিল্পনগর এলাকা থেকে পাঁচগাছিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাজারের পশ্চিম পাশে বিসিক সংযোগ সড়কের মাথায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি করে। এতে তিনজনই গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।