ফেনীতে ছাত্রলীগ নেতাসহ তিনজন গুলিবিদ্ধ
সন্ত্রাসীদের গুলিতে ফেনী সদর উপজেলা পাঁচগাছিয়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় ছাত্রলীগ নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক রিয়াজ সিকদার, সৌদিপ্রবাসী সফিকুর রহমান ও মনজুর আহম্মদ। তিনজনের বাড়িই পাঁচগাছিয়া গ্রামে। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ছাত্রলীগের নেতা রিয়াজ সিকদারসহ তিনজন মোটরসাইকেলে করে চাড়িপুর বিসিক শিল্পনগর এলাকা থেকে পাঁচগাছিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের পশ্চিম পাশে বিসিক সংযোগ সড়কের মাথায় সন্ত্রাসীরা তাদের লক্ষ৵ করে গুলি করে। এতে তিনজনই গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ফেনী সদর মডেল থানার ওসি মো. মাহবুব মোরশেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।