ফেনীতে ছাত্রলীগের এক পক্ষের হামলায় ৪ নেতা-কর্মী আহত

ফেনীতে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের এক পক্ষের হামলায় চার নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনী পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ওরফে পিটুসহ কয়েকজন নেতা-কর্মী গতকাল দুপুরে পৌরসভা চত্বরে অবস্থান করছিলেন। এ সময় কলেজ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে সাইফুল ইসলাম এবং ছাত্রলীগের কর্মী রাকিব, ইমু ও জয় আহত হন। তাঁদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, কলেজে ভর্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ ওরফে তপু ও সাধারণ সম্পাদক রবিউল হক ওরফে রবিনের সঙ্গে কিছু নেতা-কর্মীর বিরোধ দেখা দেয়। এর জের ধরে এই হামলার ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম বলেন, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের অনুসারীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন।
তোফায়েল আহম্মদ বলেন, ঘটনার সময় তিনি ও রবিউল হক শহরের ট্রাংক রোডে জেলা ছাত্রলীগের কার্যালয়ে ছিলেন। তাঁরা শুনেছেন, কলেজের কিছু ছাত্র আগের বিরোধের জের ধরে সাইফুলের ওপর হামলা চালিয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার ওরফে জর্জ বলেন, জেলা ছাত্রলীগের জরুরি সভায় ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িকভাবে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।