ফেনীতে ছাত্রলীগের কর্মী পিস্তল, যুবদলের কর্মী ককটেলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত সোমবার রাতে পিস্তল, গুলিসহ মো. কাওছার এবং ১০টি ককটেলসহ মো. নুর উদ্দিন নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কাওছার ছাত্রলীগের এবং নুর উদ্দিন যুবদলের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
ফেনীর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দাগনভূঞা উপজেলা সদরের জিরো পয়েন্টে অভিযান চালিয়ে একটি আমেরিকান পিস্তল ও ম্যাগাজিনে থাকা একটি গুলিসহ কাওছারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী জানান, কাওছার সংগঠনের কোনো পদে নেই।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দা গ্রামে অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ মো. নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, নুর উদ্দিন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।