ফেনীতে ছাত্রলীগের ২ কর্মীকে পাল্টাপাল্টি কুপিয়ে জখম
ফেনী শহরে গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই কর্মীকে পাল্টাপাল্টি কুপিয়ে জখম করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে শহরের মিজান রোডের পূর্ব প্রান্তে ছাত্রলীগের কর্মী খায়রুল চৌধুরী ওরফে জিহানকে (১৮) কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য খায়রুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে এই ঘটনার পর খায়রুলের পক্ষের লোকজন রাত নয়টার দিকে শহরের একাডেমি এলাকা থেকে ছাত্রলীগের কর্মী শাহাদাত হোসেনকে (১৮) তুলে নিয়ে কুপিয়ে জখম করে। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শাহাদাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফেনী পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, আহত খায়রুল ও শাহাদাত দুজনেই ছাত্রলীগের কর্মী। তাঁদের ওপর কারা হামলা করেছে, তাঁরা সেটি খতিয়ে দেখছেন।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, দুটি ঘটনার পরই হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালায়। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।