ফেনীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ জাহাঙ্গীর (৩২) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফেনী শহরের কলেজ রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ছিনতাইকারী শরিফুল ইসলাম ওরফে শরিফকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে ছোরা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ফেনী শহর ফাঁড়ির একটি দল সন্ধ্যার পর কলেজ রোডে টহল দিচ্ছিল। শরিফুল নামের ওই ছিনতাইকারী তখন মোটরসাইকেল চালিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাঁকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁকে ধাওয়া দিয়ে জাপটে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই মো. জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেন শরিফুল।
ফেনী সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, শরিফুল ছিনতাইয়ের পাশাপাশি ইয়াবা ব্যবসা করেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা করা হবে।