ফেনীর সোনাগাজীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহাদাত হোসেন (২১) নামের এক তরুণ মারা গেছেন। ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহত তরুণের মা ও ভগ্নিপতি। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের কাজিরহাটের পাশের আউরারখিল গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আউরারখিল গ্রামের শাহাদাত হোসেন পাশের বাড়ির মিজানুর রহমানের কাছে ৩০ হাজার টাকা পাওনা ছিলেন। এই টাকা নিয়ে বেশ কিছুদিন ধরে দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিসও হয়। সালিসে মিজানুর টাকা পরিশোধের অঙ্গীকার করেন। কিন্তু তারপরও তিনি টাকা পরিশোধ করতে গড়িমসি করতে থাকেন।
স্থানীয় সূত্রমতে, গতকাল সকালে শাহাদাত টাকা চাইতে মিজানুরের বাড়িতে যান। এ সময় দুজনের মধ্যে ঝগড়া বেধে যায়। একপর্যায়ে শাহাদাতকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন মিজানুর। এ সময় শাহাদাতের চিৎকার শুনে তাঁর মা আয়েশা বেগম (৫০) ও ভগ্নিপতি সিরাজুল হক (৩৫) এগিয়ে যান। এ সময় মিজানুর তাঁদেরও ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন। শাহাদাতের মা আয়েশা বেগম ও ভগ্নিপতি সিরাজুল হককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আয়েশা বেগমকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, দুপুরে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) জুনায়েত কাউসার ও বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক খ ম ইসহাক ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ময়নাতদন্তের জন্য শাহাদাতের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ঘটনার পর থেকে মিজানুরসহ তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন।