ফেনীতে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ছুরিকাঘাতে মো. শহীদুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রানিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, জমিজমা নিয়ে ফেনী সদর উপজেলার মালিপুর গ্রামের মো. শহীদুল ইসলামের সঙ্গে তাঁর চাচাতো ভাই মো. আবুল খায়ের ওরফে সুমনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা-মোকদ্দমাও চলছে। মঙ্গলবার সন্ধ্যায় রানিরহাট বাজারের একটি দোকানের সামনে শহীদুলের সঙ্গে সুমনের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সুমন শহীদুলকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে শহীদুলকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা জানান, শহীদুল ইসলামের বুকে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জমান জানান, এ ঘটনায় শহীদুলের ভাই মো. শরিফ বাদী হয়ে সুমন ও সাইফুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার আসামিরা পলাতক।