ফেনীতে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে গতকাল বুধবার প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত মো. সোহেল (২৭) এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, গত পয়লা বৈশাখে দৌলতপুর গ্রামে মেলার আয়োজন করা হয়। মেলায় জুয়া (চরকা) খেলার টাকার ভাগাভাগি নিয়ে পাশের লেমুয়া ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের যুবলীগের কর্মী ভুট্টু ও রুবেলের সঙ্গে সোহেলের বিরোধ দেখা দেয়। তখন সোহেল ও তাঁর পক্ষের লোকজন ভুট্টু ও রুবেলকে মারধর করেন। গতকাল দুপুরে ভুট্টু ও রুবেল মমতাজ মিয়ার বাজার থেকে কৌশলে সোহেলকে পাশের সোনাগাজীর মজুপুর গ্রামে নিয়ে যান। সেখানে তাঁকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) জোনায়েদ কাউসার, সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর ও ফেনী সদর মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মো. হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।