ফেনীতে ঠিকাদারি প্রতিষ্ঠানে হামলা, অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে চাঁদার দাবিতে ঠিকাদারি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মো. রাজন (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের পাশ থেকে তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রের ভাষ্যমতে, স্থানীয় কিছু সন্ত্রাসী কিছুদিন ধরে ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান শিপু পিবিএলের প্রকৌশলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা দিতে অস্বীকার করায় গত শুক্রবার সন্ত্রাসীরা কোম্পানির সাইট কার্যালয়ে ভাঙচুর ও প্রকৌশলী মেহেদী হাসানকে মারধর এবং অপহরণ করে। খবর পেয়ে পুলিশ ও র্যা ব গিয়ে ওই প্রকৌশলীকে উদ্ধার করে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় মামলা করা হয়।
র্যা ব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, একাধিক মামলার আসামি মো. রাজনকে ফতেহপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনের বিরুদ্ধে অস্ত্র আইনে ফেনী সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।