ফেনীতে ডাকাত সন্দেহে ৯ জনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় গাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে নয় ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকার লোকজন। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন দুই ডাকাত আহত হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি গুলি এবং দুটি করে কিরিচ, চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী এলাকায় একদল সশস্ত্র ডাকাত গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতি শুরু করে। এ সময় গাড়ির যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ফেনী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা চারটি গুলি করে। এতে মো. মহিম ওরফে মহিম ডাকাত (২৪) ও মো. হানিফ (২৫) আহত হন। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হন।

স্থানীয় সূত্র জানায়, এ সময় স্থানীয় লোকজন তিন ডাকাতকে ধরে গণপিটুনি দেন। অন্য ডাকাতেরা আশপাশের বাড়িতে গিয়ে লুকানোর চেষ্টা করে। পরে গ্রামের লোকজন বিভিন্ন বাড়িতে তল্লাশি করে আরও ছয় ডাকাতকে ধরে গণপিটুনি দেয়।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ দুজন এবং গণপিটুনির শিকার নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলো মো. মহিম ওরফে মহিম ডাকাত (২৪) ও মো. হানিফ (২৫), মো. কামাল (২৮), মো. মামুন (২২), নুরুল ইসলাম (২৫), মনির হোসেন (২২), মো. রুবেল (২৩), মো. সাইফুল (২৩), আমির হোসেন (২৪), মারুফ শেখ (২৫) ও মো. ফরহাদ (২৩)।

পুলিশের আহত দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া গুলি ও গণপিটুনিতে আহত ১১ সন্দেহভাজন ডাকাতকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান বলেন, এ ঘটনায় ডাকাতি ও পুলিশের ওপর হামলার অভিযোগে এবং অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে।