ফেনীতে ডাকাতি
ফেনী সদর উপজেলার উত্তর শর্শদী গ্রামের বনানীপাড়ার একটি বাড়িতে গত শুক্রবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বর্ণালংকারসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে গৃহকর্তা দাবি করেছেন। পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার গভীর রাতে ১৫-১৬ জনের সশস্ত্র ডাকাত দল উত্তর শর্শদী গ্রামের বনানীপাড়ার সোলায়মান মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গৃহকর্তা সোলায়মান মিয়া দাবি করেন, ডাকাতেরা তাঁদের ঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে। গতকাল শনিবার সকালে ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় গৃহকর্তা সোলায়মান মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।