ফেনীতে ডাকাতি দুই নারী আহত
ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা গ্রামের একটি বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা দুই নারীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, গত শুক্রবার রাতে কাটা মোবারক ঘোনা গ্রামের সিরাজুল হকের বাড়িতে সাত-আটজন ডাকাত হানা দেয়। মুখোশধারী ডাকাতেরা ঘরে ঢুকে সিরাজুলের মা রৌশনারা বেগম (৬৫) ও বোন রাজিয়া সুলতানাকে (৪৫) অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এ সময় শরিফুল ইসলাম (২২) নামের এক ডাকাতকে চিনে ফেলায় ডাকাতেরা রৌশনারা বেগমকে পিটিয়ে ও রাজিয়াকে কুপিয়ে আহত করে। নাম প্রকাশ করা হলে তাঁদের মেরে ফেলার হুমকি দেয় ডাকাতেরা। একপর্যায়ে ডাকাতেরা আলমারি ভেঙে টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
রৌশনারা বেগমের ছেলে মো. সিরাজুল হক জানান, ডাকাতেরা তাঁদের ঘর থেকে ৮০ হাজার টাকা, সাড়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।