ফেনীতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, গত সোমবার গভীর রাতে দক্ষিণ কাশিমপুর গ্রামের সামছু মেম্বারের বাড়ি-সংলগ্ন সাহাব উদ্দিনের নতুন বাড়িতে একদল মুখোশ পরা সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় গৃহকর্তা সাহাব উদ্দিনের স্ত্রী পেয়ারা বেগম চিৎকার করার চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে মারধর করে। পরে ডাকাতেরা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

গতকাল মঙ্গলবার সকালে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ফেনী থানার এসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গৃহকর্তা সাহাব উদ্দিনের স্ত্রী পেয়ারা বেগমের দাবি, ডাকাতেরা ১২ ভরি স্বর্ণালংকার, ৩৫ হাজার টাকা ও চারটি মুঠোফোনসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ফেনী সদর মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।