ফেনীতে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় গ্রামের আহম্মদ উল্যার বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতেরা ওই বাড়ি থেকে অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় গ্রামের আহম্মদ উল্যার বাড়িতে ১৫-২০ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা বাড়ির কলাপসিবল গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় গৃহকর্তা আহম্মদ উল্যাহ ও তাঁর ব্যাংকার ছেলে রিপন ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করায় ডাকাতেরা বৃদ্ধ আহম্মদ উল্যাহকে (৬৭) পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে ডাকাতেরা সবাইকে হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটক রেখে আলমারী ভেঙে স্বর্ণালংকার, মুঠোফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে গতকাল বুধবার সকালে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৃহকর্তা আহম্মদ উল্যাহ দাবি করেন, ডাকাতেরা তাঁদের ঘরে থাকা নগদ এক লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ছয়টি মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্রসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।