ফেনীতে ডাকাতের হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর মনগাজী এলাকার একটি বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে দুই নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার মধ্যরাতে মনগাজী বাজারের পাশে শাওন ভিলায় একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে একটি কক্ষে নিয়ে আটকে রাখার চেষ্টা করে। এ সময় প্রতিবাদ করলে ডাকাতেরা গৃহকর্ত্রী ফিরোজা বেগম (৮০) ও পুত্রবধূ তাহমিনা আক্তারকে (৩০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তারা ফিরোজা বেগমের ছেলে সাইফুল আলমকে (৪০) লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
এ ছাড়া ডাকাতেরা মদিয়াল হোসেন (৭০) নামের এক প্রতিবেশীকে ছুরিকাঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে দুই নারীর হাতের রগ কেটে গেছে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সাইফুল আলম বলেন, তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।
পালানোর সময় প্রতিবেশীরা মো. জাকির হোসেন ওরফে সুমন (২০) নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ শাহরুখ খান (১৬), মো. ওমর (১৮) ও মো. রাজন (২৫) নামের তিন ব্যক্তিকে আটক করে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।