ফেনীতে তিন দিন পর জাসাস নেতার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর আজ বৃহস্পতিবার আমির হোসেন (২৯) নামের এক জাসাস নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের মোটবী গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম সম্পাদক ছিলেন।
ফেনী সদর মডেল থানার পুলিশ ও নিহত নেতার স্ত্রীর তথ্যমতে, গত সোমবার দুপুরে আমির লস্করহাট বাজারে তাঁর নিজ দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি করে না পেয়ে আমিরের স্ত্রী মর্জিনা আক্তার ওই দিন রাতে ফেনী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে স্থানীয় দানামিয়ার পুকুরে একটি লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ফেনী সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। মর্জিনা তাঁর স্বামীর লাশ শনাক্ত করেন।
ফেনী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও স্থানীয় মোটবী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ খালেকের বলেন, আমির হোসেন ইউনিয়ন জাসাসের যুগ্ম সম্পাদক ছিলেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, আমিরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।