ফেনীতে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার কাজিরবাগ গ্রামে ও সোনাগাজী উপজেলার দক্ষিণ পূর্ব চর চান্দিয়া গ্রামে গত রোববার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল তিন বাড়ি থেকে ৫৪ ভরি স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে কাজিরবাগ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী সুনীল বণিকের বাড়িতে ১৫-২০ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির কলাপসিবল ফটক ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতেরা এরপর একই গ্রামে স্থানীয় কাজিরবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়ির কলাপসিবল ফটক ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে।
পরে তারা আলমারি ভেঙে স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
গৃহকর্তা সুনীল বণিক দাবি করেন, ডাকাতেরা তাঁর ঘর থেকে ৩১ ভরি স্বর্ণালংকার, কিছু টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন দাবি করেন, ডাকাতেরা তাঁদের ঘর থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, ১১ হাজার টাকা ও মুঠোফোন সেটসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
একই রাতে সোনাগাজীর দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া গ্রামের হাজি আবদুল খালেকের বাড়িতে ১৫-২০ জনের মুখোশ পরা একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
আবদুল খালেক দাবি করেন, ডাকাতেরা তাঁদের ঘর থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, ১৫ হাজার টাকা ও তাঁর ছেলের বিদেশ থেকে আনা কিছু মূল্যবান জিনিস লুট করে নিয়ে গেছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, তিনি ফেনী সদর ও সোনাগাজীতে তিন বাড়িতে ডাকাতির কথা শুনেছেন। সংশ্লিষ্ট থানার পুলিশকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।