ফেনীতে তিন ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার শর্শদী এলাকায় তিন ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে গত সোমবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আটক ব্যক্তিদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মো. নঈম (২২), কুমিল্লার শাকতলার সাইফুল ইসলাম (২৪) এবং চৌদ্দগ্রামের জঙ্গলপুরের আমান উল্যা ওরফে আরমান (২৩)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শর্শদী গ্রামের ওমর ফারুক (২৩) ও আবুল কালাম (২৫)।
পুলিশ জানায়, গত শুক্রবার একটি মোটরসাইকেলযোগে শর্শদী এলাকা দিয়ে যাওয়ার সময় শর্শদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করা হয়। মোটরসাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে মো. নঈম ও সাইফুল ইসলামকে আটক করলে অপর যুবক মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। শনিবার আটক দুজনকে ছাড়িয়ে নিতে দেনদরবার করতে আসা আমান উল্যাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দাবি করা হয়।
বিষয়টি ফেনী সদর মডেল থানা-পুলিশের নজরে আসার পর সোমবার রাতে পুলিশ অভিযান শুরু করে। এ সময় মোরশেদ আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে আটকে রাখা তিনজনকে পৃথক স্থান থেকে উদ্ধার ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আমান উল্যার বাবা মো. ইউনুছ ইউপি সদস্য মোরশেদ আলমসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেছেন।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ মোরশেদ আলমসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।