ফেনীতে দুই সন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের পশ্চিম উকিলপাড়ার ভাড়া বাসা থেকে গতকাল সোমবার সন্ধ্যায় দুই সন্তানসহ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনেরা বলছেন, প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়ার পর দুই সন্তানকে হত্যা করে তিনি আত্মহত্যা করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন মর্জিনা আক্তার মুক্তা (২৮), তাঁর মেয়ে ফেনী সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী তাসমিম আহমেদ মাহী (৮) ও ছেলে মহিন আহমেদ (৩)।

মর্জিনার স্বামী তারেক আহমেদ ইতালিতে থাকেন।

মর্জিনার বড় ভাই মাসুম বলেন, গতকাল বিকেলে তাঁর ভগ্নিপতি তারেক ইতালি থেকে মুঠোফোনে তাঁকে বলেন, মর্জিনার সঙ্গে তাঁর (তারেক) ঝগড়া হয়েছে। ঝগড়ার পর থেকে মর্জিনা ফোন ধরছেন না। তিনি যেন বোনের বাসায় গিয়ে তাঁর খোঁজ নেন। এরপর তিনি বোনের বাসায় গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করলেও তাঁর বোন সাড়া দেননি। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসে। একপর্যায়ে জানালা ফাঁক করে দেখা যায়, মেঝেতে তাঁর বোনসহ তিনজনের নিথর দেহ পড়ে আছে। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মাসুম বলেন, তাঁর বোনের সঙ্গে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তারেক আহমেদের বিয়ে হয়েছে ১২ বছর আগে। তাঁর ভগ্নিপতি দীর্ঘদিন ধরে ইতালিতে থাকেন। কয়েক দিন ধরে তাঁর বোনের সঙ্গে ভগ্নিপতি তারেকের মুঠোফোনে ঝগড়াঝাঁটি চলে আসছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, বিষজাতীয় কিছু খাওয়ানোর পর শ্বাসরোধে দুই সন্তানকে হত্যার পর ওই গৃহবধূ নিজে বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, মাসহ দুই সন্তানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল হক রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।