ফেনীতে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল সোমবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এই রায় দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত দুই ব্যক্তিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আদালত মো. মাসুদ ভূঞা, মো. ফাহাদ ভূঞা ও সোহাগ ভূঞা নামের তিনজনকে বেকসুর খালাস দেন।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন সেলিম ও পারভেজ। সেলিম আদালতে হাজির থাকলেও পারভেজ পলাতক।

ফেনীর জ্যেষ্ঠ সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ফরিদ আহমদ হাজারী বলেন, ২০০৬ সালের ২৬ অক্টোবর ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে এক তরুণীকে (২২) ধরে নিয়ে ধর্ষণ করেন সেলিম ও পারভেজ। ধর্ষণের শিকার তরুণী ঘটনার দুদিন পর ক্ষোভে-দুঃখে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় ওই তরুণীর এক আত্মীয় ২০০৬ সালের ২৯ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাগাজী থানায় সেলিম ও পারভেজের নাম উল্লেখ করে ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন। সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. ময়নুল হোসেন ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।