ফেনীতে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের দেওয়ানগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলাল হোসেন ওরফে সুজন (২৮) ও রমিজুল ইসলাম ওরফে মিথুন (২১)।
ফেনী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি টহল দল দেওয়ানগঞ্জ রেলক্রসিং এলাকায় অবস্থান করছিল। এ সময় তারা সিএনজিচালিত একটি অটোরিকশাকে অনেকক্ষণ সড়কের পাড়ে দাঁড়ানো দেখতে পায়। এতে পুলিশের সন্দেহ হয়।
পরে পুলিশ অটোরিকশায় থাকা দুই যুবকের কাছে তাঁদের পরিচয় জানতে চায়। কিন্তু ওই ব্যক্তিরা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে অটোরিকশার সিটের নিচে তল্লাশি চালিয়ে দুটি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস ও ছিনতাইয়ের অভিযোগে ফেনী ও দাগনভূঁঞা থানায় বেশ কয়েকটি মামলা আছে।
গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।