ফেনীতে নকল পোস্টাল অর্ডারসহ গ্রেপ্তার ব্যক্তি কারাগারে
ফেনীর প্রধান ডাকঘরে নকল পোস্টাল অর্ডার ভাঙানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও ডাকঘর সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে ফেনীর প্রধান ডাকঘরে ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যমানের ২ হাজার ৩৩০টি নকল পোস্টাল অর্ডার ভাঙানোর সময় মো. নাসির উদ্দিন নামের ওই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেন ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় ফেনী প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর শহীদুল ইসলাম চৌধুরী ফেনী থানায় মামলা করেন।
পুলিশ জানায়, নাসির উদ্দিন দাবি করেছেন তিনি আইনজীবী। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামে।
পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির উদ্দিন দাবি করেছেন, তাঁর এক মক্কেল পোস্টাল অর্ডারগুলো ভাঙিয়ে দেওয়ার জন্য তাঁকে অনুরোধ করেন। সে জন্য তিনি ফেনী আসেন। পোস্টাল অর্ডারগুলো নকল জানলে তিনি আসতেন না।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান আসামি নাসির উদ্দিনকে ফেনীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।