ফেনীতে নদীতে শিশুর লাশ
ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া সেতুর পাশে কালিদাস পাহালিয়া নদী থেকে গতকাল রোববার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পরিচয় পাওয়া গেলেও অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শিশুটির পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে বোনের শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে।
পুলিশ জানায়, গতকাল সকালে কালিদাস পাহালিয়া নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুপুরে একই সেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (২৭) লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে হাসপাতালের মর্গে শিশুটির লাশ শনাক্ত করেন তার নানা সাহাব উদ্দিন। শিশুটির নাম মো. ফয়সল। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। মো. ফয়সল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির নানা সাহাব উদ্দিন বলেন, ফুলগাজী উপজেলার ইসলামপুর গ্রামের শেখ ফরিদের সঙ্গে প্রায় তিন মাস আগে পাইকপাড়া গ্রামের মধ্যপ্রাচ্যপ্রবাসী নেজাম উদ্দিনের মেয়ে বিউটি আক্তারের (ফয়সলের বোন) বিয়ে হয়। বিয়ের পর থেকে বিউটির স্বামী ও তাঁর পরিবার যৌতুক দাবি করে আসছিল। গত বুধবার শেখ ফরিদ মুঠোফোনে শাশুড়ি রহিমা আক্তারকে জানান বিউটি অসুস্থ। রহিমা আক্তার সেদিনই ছেলে ফয়সলকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান। বৃহস্পতিবার বিকেলে ফয়সল শেখ ফরিদের সঙ্গে ওই বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
সাহাব উদ্দিনের অভিযোগ, যৌতুক না পেয়ে বোনের শ্বশুরবাড়ির লোকজন ফয়সলকে হত্যা করেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শেখ ফরিদ, তাঁর বাবা নুরুল হক ও ভাই শেখ আবদুল হাইকে আটক করেছে।
এদিকে গতকাল দুপুরে কালিদাস পাহালিয়া নদীর লেমুয়া নতুন সেতুর নিচ থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, দুর্বৃত্তরা ওই দুই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে বলে তাঁরা ধারণা করছেন।