ফেনীতে পাঁচ ভুয়া চিকিৎসকের সাজা প্রতিষ্ঠান সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর মহিপাল জিরো পয়েন্ট এলাকায় গতকাল বুধবার পাঁচ ভুয়া হারবাল চিকিৎসককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই তিনটি হারবাল সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আরিফ মোহাম্মদ উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা দেয় ফেনী সদর মডেল থানার পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল বিকেলে ফেনী শহরের মহিপাল জিরো পয়েন্ট এলাকায় মহিপাল ভেষজ হারবাল সেন্টারে যান। সেখানকার হারবাল চিকিৎসক ওমর ফারুক ও রেজাউল হকের কোনো চিকিৎসা সনদ না থাকায় আদালত দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
এরপর পাশের মুক্তি হারবাল সেন্টারে যান ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসক দীপংকর চন্দ্র ও তাঁর সহযোগী ইসমাইল হোসেনও সনদ ছাড়াই রোগী দেখছিলেন। আদালত দুজনকে দুই মাস করে কারাদণ্ড দেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা একই এলাকায় বনলতা হারবাল সেন্টারে অভিযান চালান। সেখানকার চিকিৎসক জাহাঙ্গীর আলমের কোনো সনদ ছিল না। আদালত তাঁকেও দুই মাসের কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত তিনটি চিকিৎসাকেন্দ্রই সিলগালা করে দেন।