ফেনীতে পাল্টাপাল্টি হামলায় ইউপি সদস্যসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় পাল্টাপাল্টি হামলায় ইউপি সদস্যসহ দুজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ধর্মপুর ইউপি সদস্য মো. শহীদুল্লাহ আমতলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান শাহাদাত হোসেন ও ইউপি সদস্য শহীদুল্লাহর সমর্থকেরা এ ঘটনার জন্য সাবেক চেয়ারম্যান ও নির্বাচনে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী আজাহারুল হকের সমর্থকদের দায়ী করেন। পরে তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে তাঁরা আজাহারুল হকের সমর্থক মো. মজনকে পিটিয়ে আহত করেন। আহত দুজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।