ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এ ঘটনায় পুলিশসহ চারজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, গতকাল শুক্রবার ভোরে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের রায়হান টাওয়ারের সামনে সাত-আটজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা এলোপাতাড়ি ককটেল নিক্ষেপ করে ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডাকাত দলের সদস্য মো. রফিক মিয়া (২৭) আহত হন। পরে পুলিশ ধাওয়া করে সালাউদ্দিন (২৫) ও মো. আমির হোসেন ওরফে সুমনকে (২১) আটক করে। ধাওয়ার সময় সালাউদ্দিন নর্দমায় পড়ে আহত হন। রফিক ও সালাউদ্দিনকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রফিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, ডাকাত দলের সদস্যদের কাছ থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক, দুটি গুলি, তিনটি কিরিচ, একটি চাইনিজ কুড়াল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ডাকাতদের ছোড়া ককটেল ও কিরিচের আঘাতে উপপরিদর্শক (এসআই) নোমান হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন আহত হন। তাঁদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ জানান, এ ঘটনায় ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে তিনটি মামলা করা হয়েছে।