ফেনীতে পুলিশের গুলি যুবদলের মিছিল পণ্ড
ফেনীতে পুলিশের লাঠিপেটা ও শটগানের গুলিতে যুবদলের মিছিল পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ যুবদলের কর্মীরা টাউন সার্ভিসের একটি বাস ভাঙচুর করেন।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা যুবদল শহরের শহীদ শহীদুল্লা কায়সার (এসএসকে) সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে যুবদলের নেতা-কর্মীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ বেশ কয়েকটি শটগানের গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
যুবদলের দাবি, এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ এবং যুবদলের কর্মী পিয়াস, সাদ্দাম, রনিসহ কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন।
জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্যাহ মিছিলে বাধা ও গুলি করার নিন্দা জানিয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, বাধা দেওয়ার পর যুবদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পরে পুলিশ বাধ্য হয়ে আটটি শটগানের গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ
নোয়াখালী অফিস জানায়, তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির প্রতিবাদে গতকাল নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের মাইজদী বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক পার হয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে মিছিলকারীরা পেছনে ফিরে যেতে বাধ্য হন। পরে নাপিতের পোল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান সমাবেশে বক্তব্য দেন।