ফেনীতে পেট্রলবোমায় দগ্ধ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলায় আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই ট্রাকের চালকসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

পুলিশের ভাষ্য, ট্রাকটি কুমিল্লার নিমসার বাজার থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিল। দাগনভূঞা উপজেলার মাতভূঞা এলাকায় পৌঁছানোর পর ট্রাকটিতে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পাঁচজন দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. ইউসুফ (৫৫), আবুল হোসেন (৪৯), মো. ওয়াছিম (২৮), রবিউল ইসলাম (১৬) ও মো. রোকন (২৪)। দগ্ধ ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউছুফ, আবুল হোসেন ও ওয়াছিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ মো. রোকনের ভাষ্য, নিমসার বাজার এলাকা থেকে মাছ নিয়ে তাঁরা বসুরহাটের দিকে যাচ্ছিলেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্বৃত্তদের আটক করা যায়নি বলে তিনি জানান। পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।