ফেনীতে প্রতারণার চেষ্টার অভিযোগে মা-ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এক প্রবাসীর বাড়ি থেকে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে গতকাল সোমবার এক নারী ও তাঁর ছেলেকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মনোয়ারা বেগম (৫৫) ও তাঁর ছেলে সাদ্দাম হোসেন (১৩)। তাঁদের বাড়ি লক্ষ্মীপুরে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, মনোয়ারা ও সাদ্দাম দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে গিয়ে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে যেতেন। গত কয়েক দিনে তাঁরা সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাতজন প্রবাসীর পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে যান।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল সকালে মা-ছেলে রঘুনাথপুর গ্রামের সৌদিপ্রবাসী আলী মিয়ার বাড়িতে গিয়ে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজন দুজনকে ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে নিয়ে যান। পরে ইউপি চেয়ারম্যান তাঁদের সোনাগাজী মডেল থানায় সোপর্দ করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।