ফেনীর সোনাগাজীতে গত শনিবার রাতে গুলিতে নিহত হয়েছেন মো. নুর আলম ওরফে রিপন (২৬) নামের এক ছাত্রলীগ নেতা। স্বাধীনতা দিবসের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে অতিথি না করার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজনকে আটক করেছে।
নিহত নুর আলম উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল রোববার দুপুরে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আটক তিনজন হলেন ইউপি সদস্য মো. সেলিম, স্থানীয় যুবলীগ কর্মী বেলায়েত হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মী রুস্তম আলী।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ শনিবার রাত ১০টার দিকে বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকায় ওসমানীয়া হাইস্কুল মাঠে কাঙালিভোজের আয়োজন করে। এতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও ইউপি সদস্য মো. সেলিমকে অতিথি না করায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের একাংশ ক্ষুব্ধ হয়। শনিবার রাত ১০টার দিকে ইউপি সদস্য মো. সেলিমের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী তাকিয়া বাজারে জড়ো হন। ১৫-১৬টি মোটরসাইকেলে করে তাঁরা মহড়া শুরু করেন। তাকিয়া বাজার থেকে বিভিন্ন এলাকা ঘুরে আবার সেখানেই ফেরার পথে ওই মোটরসাইকেল বহরের ওপর গুলি বর্ষণ করা হয়। এতে নুর আলম গুলিবিদ্ধ হন।
পরে সেলিমের নেতৃত্বে তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক লীগের কাঙালিভোজের আয়োজনে হামলা চালান। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এদিকে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ নুর আলমকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই সোনাগাজী থানা-পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. পারভেজ বলেন, বিনা উসকানিতে সেলিমের নেতৃত্বে কাঙালিভোজের অনুষ্ঠানে হামলা, ভাঙচুর চালানো হয় এবং খাবারগুলো ফেলে দেওয়া হয়।
ইউপি সদস্য মো. সেলিমের পক্ষের নেতা বগাদানা ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ খ ম ইসহাক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার রাতে সেলিমের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেলে করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোভাযাত্রা করে। তাঁরা তাকিয়া বাজারে পৌঁছার আগ মুহূর্তে আলমপুরে সন্ত্রাসীরা গুলি চালায়। কাঙালিভোজের অনুষ্ঠানে হামলার বিষয়ে তাঁর কিছু জানা নেই বলেও জানান তিনি।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।