ফেনীতে বস্তি উন্নয়নের নামে কোটি টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভায় বস্তি উন্নয়নের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিকাশ শর্মা নামে এক এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ঢাকার তেজগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) পরিচালক।
ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা কৃষ্ণপদ সাহা জানান, ঢাকার তেজগাঁও মণিপুরিপাড়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) বস্তিবাসীর জীবনমান উন্নয়নের লক্ষে৵ ২০১০ সালে ফেনী পৌরসভার সঙ্গে একটি চুক্তি করে। ওই চুক্তির আওতায় তারা পাস বই ইস্যু করে ১ হাজার ২০০ বস্তিবাসীর কাছ থেকে বিভিন্ন হারে টাকা আদায় করে। এভাবে তারা ১ কোটি ৫ লাখ ৩৯ হাজার ২২৫ টাকা আদায় করে পুরো টাকা আত্মসাৎ করে।
২০১৪ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলেও সংস্থাটি বস্তিবাসীর টাকা ও লভ্যাংশ দেয়নি। এ নিয়ে গত সোম ও মঙ্গলবার গ্রাহকেরা পৌরসভা চত্বরে বিক্ষোভ করেন।
গত সোমবার রাতে পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা কৃষ্ণপদ সাহা বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় এ নিয়ে প্রতারণার মামলা করেন। মামলায় ওই এনজিও সংস্থার চেয়ারম্যান ফয়েজ উদ্দিন মিয়া, ফেনী পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা নূরনবী পাটোয়ারী, সংস্থার সদস্য গোলাম মোস্তফা ও রবীন্দ্র চন্দ্র দাসকে আসামি করা হয়।
ফেনী পৌরসভার প্যানেল মেয়র মোসলে উদ্দিন হাজারী ওরফে বাদল হাজারী বলেন, এটি পৌরসভার কোনো প্রকল্প ছিল না। এনজিও সংস্থাটি পৌরসভার অনুমতি নিয়ে কাজ করছিল। গ্রাহকদের টাকা পরিশোধ না করায় পৌরসভার পক্ষ থেকে মামলা করা হয়েছে।
বস্তি উন্নয়নের নামে আদায় করা টাকা আত্মসাতের বিষয়ে জানার জন্য ফেনী পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা নূরনবী পাটোয়ারীর সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।