ফেনীতে বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে দোকান ভাঙচুরের অভিযোগে গতকাল শনিবার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ওরফে দুলালকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, মনোয়ার হোসেনের নেতৃত্বে গত বৃহস্পতিবার ভোরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত দুটি দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।
ওই দুটি দোকান থেকে টাকা ও মালামাল লুটের অভিযোগে হাফিজ আহম্মদ নামের এক ব্যবসায়ী থানায় মামলা করেন। হাফিজ আহম্মদের অভিযোগ, মনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী জুলেখা আক্তার ওরফে ডেইজীর নেতৃত্বে ২০-৩০ জন ব্যক্তি বৃহস্পতিবার ভোরে তাঁর মালিকানাধীন সাইকেল গ্যালারি ও নুরুল আমিনের মালিকানাধীন একটি লেপ-তোশকের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এ ছাড়া দুই দোকান থেকে চার লাখ ২৫ হাজার টাকা ও কমপক্ষে দুই লাখ টাকার সাইকেল পার্টস লুট করে নিয়ে যায়।
অভিযোগে বলা হয়, ওই দোকানের জায়গা নিয়ে মামলা আছে। বিবাদীরা এর আগেও দুবার ওই দুটি দোকান পুড়িয়ে দেয়। ওই ঘটনায়ও থানায় মামলা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মনোয়ারের বিরুদ্ধে নানা অভিযোগে কমপক্ষে ১৪টি মামলা রয়েছে।