ফেনীতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫১) ও তাঁর দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন হুমায়ুন কবীর মাসুদ (২৭) ও মো. ইদ্রিছ (২২)। ইদ্রিছ অটোরিকশার চালক।
আবুল কালাম আজাদ সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
র্যাব-৭ ফেনী ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ফেনী শহরের দাউদপুর পুলের দক্ষিণে সবজি বাজারের সামনে সিএনজিচালিত অটোরিকশা থেকে আবুল কালাম আজাদ ও তাঁর সহযোগী মাসুদকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও ১ লাখ ২৯ হাজার টাকাসহ আটক করা হয়। র্যাব অটোরিকশার চালক ও অটোরিকশাটিও আটক করে।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আবুল কালাম আজাদের সোনাগাজীর চর সাহাভিখারী গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি শটগান, দুটি এলজি ও ১০টি কার্তুজ উদ্ধার করা হয়।