ফেনীতে বিএনপির ১১ নেতা-কর্মী গ্রেপ্তার
ফেনীতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদকসহ যুবদল ও ছাত্রদলের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ফেনী শহরের একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দলীয় সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, লক্ষ্মীপুরের যুবদলের নেতা আকতার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মাসুদ করিম, ফেনী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফেনী জেলা যুবদলের সহসভাপতি নুর নবী চৌধুরী এবং ছাত্রদলের কর্মী আবদুল হালিম, মো. আরিফ, মনছুর আলম, সারাফাত হোসেন, রেদোয়ান হোসেন।
পুলিশ জানায়, হারুন উর রশিদ, আকতার হোসেন ও কাজী মাসুদ করিমকে ৫৪ ধারায় এবং অন্যদের ফেনী থানার নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।