ফেনীতে বিদেশি পিস্তলসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার সহদেবপুর এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ মো. সোলায়মান ভূঞা ওরফে সুমন (৩০) নামের যুবলীগের এক কর্মীকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুটি গুলিসহ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ শহরের সহদেবপুর এলাকা থেকে সোলায়মান ভূঞাকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ দুটি গুলি উদ্ধার করে। তিনি কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার হাসানপুর গ্রামের আবদুর রশিদ ওরফে জামাই রশিদের ছেলে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুটি গুলিসহ সোলায়মান ভূঞাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে গতকাল সোনাগাজী থানার পুলিশ ইকবাল হোসেন (২৮) নামের একজন চিহ্নিত ডাকাতকে স্থানীয় ভৈরব চৌধুরী বাজার থেকে গ্রেপ্তার করেছে।
সোনাগাজী থানার ওসি আবু জাফর মো. ছালেহ বলেন, ‘ইকবাল হোসেনের বিরুদ্ধে খুন, অপহরণ, সন্ত্রাস, ডাকাতি, পুলিশের ওপর হামলাসহ অন্তত ১৬টি মামলা রয়েছে এবং সে একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।’