ফেনীতে বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়ীয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারটি গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে।
গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী শহীদ মিনারের মাঝের স্তম্ভটি সম্পূর্ণ উপড়ে পড়া অবস্থায় দেখতে পান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কান্তি মজুমদার জানান, মঙ্গলবার বিদ্যালয় বন্ধ ছিল। নৈশপ্রহরীও ছুটিতে ছিলেন। ফলে রাতে কেউ ছিল না। সকালে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারের মাঝের স্তম্ভটি সম্পূর্ণ উপড়ে পড়া অবস্থায় দেখতে পান। ঘটনাটি জানাজানির পর সাংবাদিকসহ অনেকে এটি দেখতে আসেন।
প্রধান শিক্ষক জানান, প্রায় তিন বছর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) অর্থায়নে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।
স্থানীয় ধর্মপুর ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এম আজাহারুল হক বলেন, ফেনী জেলা ভাষা আন্দোলনের অমর শহীদ সালামের জন্মভূমি। এটি নাশকতা ছাড়া কিছু নয়। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।