ফেনীতে বোমা বিস্ফোরণে 'যুবদল কর্মী' নিহত
ফেনীতে বোমা বিস্ফোরণে মোহাম্মদ নূর নবী (২৪) নামে এক যুবক নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দাবি করেছেন, নিহত যুবক যুবদলের কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার সময় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের মসজিদের পাশে একটি পরিত্যক্ত ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয় লোকজন বিস্ফোরণের শব্দ শুনে বিষয়টি জানা ও দেখার জন্য দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা সেখানে গ্রামের মো. ইসহাকের ছেলে মো. নূর নবীকে ক্ষতবিক্ষত অবস্থায় মৃত দেখতে পান। মানুষজন যাওয়ার আগেই আহত অপর তিনজনকে চিকিৎসার জন্য গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফেনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবক নূর নবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও গ্রামবাসীর ধারণা, মো. নূর নবীসহ অন্যরা ওই পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা বানাচ্ছিলেন।
স্থানীয় পাঁচগাছিয়া ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন ওরফে মানিকের ভাষ্য, নূর নবী পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী ও বোমার কারিগর। তিনি এলাকায় যুবদলের কর্মী হিসেবে পরিচিত।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
আ.লীগ নেতাসহ আহত ৩: যশোর অফিস জানায়, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় বোমা হামলায় আওয়ামী লীগের নেতা আবদুল মান্নান ওরফে মুন্না ও তাঁর দুই সহযোগী আহত হয়েছেন। গত শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে মুন্না ও তাঁর দুই সহযোগী চুড়ামনকাটি বাজারে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি বোমা ছোড়ে। বোমার স্প্লিন্টারে মুন্না ও তাঁর দুই সহযোগী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা বিষ্ফোরণের আলামত সংগ্রহ করেছে।
আহত ব্যক্তিরা যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত মুন্না সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য।
এ বিষয়ে গতকাল যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক তুহিন-উজ-জামান বাদী হয়ে ১৪-১৫ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। এজাহারভুক্ত একজনকে আটক করা হয়েছে।