ফেনীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল রোববার মো. বাবুল (৩২) নামের একজন স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বাবুল ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারের স্বর্ণ ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত শহরের ট্রাংক রোডে মো. বাবুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাবুলের প্রতিবেশী ইকবাল জানান, সকালে বাবুল কসকা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসার কাজে ফেনী শহরে যান।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।