ফেনীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
ফেনীতে মো. খালেদ হোসেন (৩০) নামে একজন তরুণ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে ফেনী-ছাগলনাইয়া সড়কের রানীরহাটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহত খালেদ ফেনী শহরের মিজান রোডের খাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক। খালেদকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই আবদুল্লাহ আল মামুন ফেনী সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, খালেদ হোসেন শনিবার রাত ১১টার দিকে নিজের ওয়ার্কশপ বন্ধ করে মোটরসাইকেলযোগে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মালিপুর গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে ফেনী-ছাগলনাইয়া সড়কের নতুন রানীরহাটের পূর্ব পাশে পৌঁছালে নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁর গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুই-তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে তিনি লুটিয়ে পড়েন। তখন সন্ত্রাসীরা তাঁর পকেটে থাকা ৯৫ হাজার টাকা, মুঠোফোনসহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা গতকাল রোববার বলেন, খালেদের অবস্থা উন্নতির দিকে। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কয়েক দিন সময় লাগবে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করার মাধ্যমে আসামিদের শনাক্ত করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।