ফেনীতে ব্যবসায়ীকে গুলি, শিক্ষার্থীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পৃথক দুটি ঘটনায় দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী ও ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। গত শনিবার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী এলাকায় ব্যবসায়ী আবুল কালাম আজাদকে (৪০) গুলি করে দুর্বৃত্তরা। এর আগে সন্ধ্যায় ফেনী শহরে আবদুল্লাহ আল নোমান (২২) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়।

গুলিবিদ্ধ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর বাড়ি আমতলী এলাকায়।

অপর দিকে ব্যক্তিগত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের নকসী রোকেয়া টাওয়ারের পাশে শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমানকে কুপিয়ে জখম করা হয়। তিনি ফেনী সরকারি কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নোমানকে নিজেদের কর্মী উল্লেখ করে ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জবেদ হায়দার বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জমান বলেন, হামলার দুটি ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।